যশোরে মাছবাজারে সন্ধ্যারাতে যুবক খুন
নিহতের স্বজনদের আহাজারি- সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩১
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতেএক যুবক খুন হয়েছেন।
বুধবার সন্ধ্যারাতে শহরের মাছ বাজারের এ ঘটনায় নিহত ইমরান হোসেন ওরফে মুন্না (২৮) শহরের শংকরপুর এলাকার প্রয়াত আফতাব উদ্দীন হিরুর ছেলে।
মুন্না তার চাচাদের দু’টি মাছের আড়ৎ ‘সেন্ট মার্টিন ফিস’ ও ‘আবুল খায়ের ফিস’ এর ব্যবসা দেখাশুনা করতেন।
নিহতের চাচা শেখ রেজানুল ইসলাম রেজু ও বড় ভাই সাদেকুল ইসলাম জানান, ইমরান মাছ বাজার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়েছিল। এ সময় চুড়িপট্টির পলাশসহ তিন-চারজন দুর্বত্ত অতর্কিত সেখানে গিয়ে ইমরানের বুকে-পেটে চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
তারা আরো জানান, কয়েকদিন আগে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ পলাশসহ বেশ কয়েকজনকে তাড়া করে। সে সময় মুন্না পুলিশকে তাদের আটক করতে সহযোগিতা করে। এই ঘটনার জেরে মুন্নাকে ছুরিকাঘাত করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুর্বের কোন দ্বন্দ্বের কারণে দুর্বত্তরা ইমরানকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ খুনিদের আটকের জন্যে অভিযান শুরু করছে।
