ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
×

জান্নাতুল মিয়া, শরীফ মিয়া (২৫) ও সাব্বির হোসেন (বাঁ থেকে)

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। 

গ্রেপ্তার তিনজন হলেন- কসবা পৌর এলাকার তালতলা গ্রামের মো. জলিল মিয়ার ছেলে জান্নাতুল মিয়া (২৩), মড়াপুকুরপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২৫) ও কাঞ্চনমূড়ি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৪)।

জানা যায়, কসবা পৌর এলাকার ফুলতলী গ্রামের আবুল খায়েরের সদ্য বিবাহিত মেয়ে রাহিমা আক্তার বুধবার সকালেতার স্বামীকে নিয়ে পৌর শহরে কেনাকাটা করতে যান। এ সময় ওই তিন ছাত্রলীগকর্মী বার বার উত্ত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে আক্রমণ করতে যায়। নববধূ ও তার স্বামী কেনাকাটা না করে তাদের হাত থেকে রক্ষা পেতে বাড়ি চলে যান।

এ সময় ওই তিন যুবক বাড়িতে গিয়েও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং নববধূর স্বামীকে হত্যা করে রাহিমাকে বিধবা করার হুমকি দেয়। এক পর্যায়ে রাহিমার বাবা মো.আবুল খায়ের ঘটনার প্রতিকার চেয়ে থানায় ফোন দেন। ওসি লোকমান হোসেন এ বিষয়ে অভিযোগ করার কথা বললে আবুল খায়ের তাৎক্ষণিক থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক কাজী মানিক সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদ পদবীতে নেই।

কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নববধুকে উত্ত্যক্ত করার দায়ে গ্রেপ্তার ব্যক্তিদের কোনও ক্রমেই ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরও পড়ুন

×