কালুখালী বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলায় আহত ৩
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৭:১৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৭:১৪
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলার আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ছাত্রলীগ-যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে বিএনপির অভিযোগ।
আব্দুর রাজ্জাক খান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে দলীয় নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে যান। সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর বসেছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরে তিনিসহ কয়েক নেতাকর্মী আহত হন। হামলাকারীরা চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করে। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে। এ বিষয়ে তিনি মৌখিকভাবে কালুখালী থানায় অভিযোগ করেছেন।
কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপন শেখ এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তাঁর কোনো নেতাকর্মী এতে জড়িত নন। একই রকম মন্তব্য করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আলী মোল্লা।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যদের বিএনপির কার্যালয়ে পাঠান। তাঁরা গিয়ে কার্যালয় বন্ধ পান। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।
