ধনবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৩:৫০
টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে ধনবাড়ী পৌরসভা সদরের নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম নলহরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে উপজেলার মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নাঈম তার বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
