মাদারীপুরে আরও একজন হোম কোয়ারেন্টাইনে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:৪৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ১০:৩২
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মাদারীপুরে আরও একজনকে হোম কোয়ারেন্টাইনে (পৃথক করে রাখা) নিবিড় পর্যবেক্ষণে রাখা রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জ্বর-কাশিসহ কিছুটা উপসর্গ নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে রাতে তাকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়। তিনি সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত করা হয়েছে।
একই সঙ্গে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে কমিটি করা হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, মঙ্গলবার বিকেলে জ্বর-কাশিসহ কিছুটা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এক ব্যক্তি। তাকে আমরা হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। স্বাস্থ্য বিভাগের কর্মচারীকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ঋতু পরিবর্তনের কারণে অনেকেরই ঠান্ডা জ্বর ও কাশি হতে পারে। এ সকল রোগীর ক্ষেত্রে তিনি যদি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেন তাহলে সন্দেহটা বেশি থাকে। হোমকোয়ারেন্টাইনে রাখা ব্যক্তি সম্প্রতি দিল্লি থেকে আসেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, এসব নিয়ে আতঙ্কিত না হয়ে হাঁচি কাশির সময় নিয়ম মেনে চলতে হবে। এছাড়া প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- মাদারীপুর
