ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রহিম উদ্দিন ভরসা আর নেই

রহিম উদ্দিন ভরসা আর নেই
×

রহিম উদ্দিন ভরসা

রংপুর অফিস

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৭:১৮

রংপুরের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসা আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিঊন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

৫ ছেলে ও ৯ মেয়ের জনক রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। 

রহিম উদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তার বাবা এক মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ঢাকার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুনরায় শারীরিক অবস্থার অবনতি হলে গত এক সপ্তাহ ধরে ইউনাইটেড হাসপাতালে চলছিল তার চিকিৎসা। বুধবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, 'বাবা জীবদ্দশায় অবহেলিত রংপুর অঞ্চলে কল-কারখানা স্থাপন করে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করেছিলেন। তার আত্মার শান্তি কামনায় আমার পরিবার সকলের দোয়া প্রার্থী।'

পারিবারিক সূত্রে জানা যায়, রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুরের হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভরসা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালকও ছিলেন তিনি। রহিম উদ্দিন ভরসা রংপুর সদর বিএনপির সাবেক সভাপতি এবং স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক।

আরও পড়ুন

×