মাদারীপুরে সরকারি কর্মচারী-ঠিকাদারদের হামলায় আহত ৩ সংবাদকর্মী
হাসপাতালে আহত সাবরীন জেরিন- সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৭:৫১
মাদারীপুরে সরকারি কর্মচারী-ঠিকাদারদের হামলায় আহত হয়েছেন তিন সংবাদকর্মী।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাবরীন জেরিন ও দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি আরিফুর রহমান।
হামলায় গুরুতর আহতসাবরীন জেরিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন আহত আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, পত্রিকায় টেন্ডার বিজ্ঞাপন প্রকাশের জন্য মাদারীপুর এলজিইডি অফিসের ইউডি নাসির উদ্দীন মঙ্গলবার সন্ধ্যায় আমার স্ত্রী দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সাবরীন জেরিনকে ফোন করে অফিসে ডাকেন। অফিসে যাওয়ার পর তিনি বিজ্ঞাপন না দিয়ে আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি বলেন, স্ত্রীর ফোন পেয়ে আমি এলজিইডি অফিসে গেলে নাসির উদ্দীনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন কর্মচারী-ঠিকাদার আমাকে মারপিট করে। এ সময় আমার স্ত্রীর তলপেটে ৭ থেকে ৮টি লাথি, কিলঘুষি, চড়-থাপ্পড় ও চুল ধরে টানাহেঁচড়া করা হয়। বেধড়ক মারপিটে আমার স্ত্রী গুরুতর আহত হয়। পরে আমাকে ও আমার ছোট ভাই আরিফুর রহমানকেও মারধর করে তারা।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান,
হামলার ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুন থানায় অভিযোগ করেছেন।
দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- মাদারীপুর
- সাংবাদিক আহত
