ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুড়িগ্রামে দুবাইফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রামে দুবাইফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০০:২২ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০০:৩৭

কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে দুবাইফেরত একজনকে স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ৮ মার্চ দুবাই থেকে দেশে ফেরার পর ৩৫ বছর বয়সী ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, সদর উপজেলার বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন জানার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ৯ মার্চ দুপুরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। সেই থেকে তিনি বাড়িতে আছেন। 

ডা. নজরুল ইসলাম আরও জানান, সদর উপজেলার ডিজিজ কন্ট্রোল বিভাগের একটি টিম এবং স্থানীয় স্বাস্থ্য কর্মী তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ পাওয়া যায়নি। ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় জেনারেল হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সঙ্গে জনসমাগম হয় এমন সভা-সমাবেশ এড়িয়ে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

   

আরও পড়ুন

×