ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সিলেটে হাসপাতাল কর্মচারী মুন্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিলেটে হাসপাতাল কর্মচারী মুন্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন
×

হাসপাতাল কর্মচারী মুন্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন তার সহকর্মীরা - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৭:০০

সিলেট নগরীর জিন্দাবাজারে হকারদের হাতে নিহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী নজরুল ইসলাম মুন্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মিরবপটুলা এলাকায় হাসপাতালের সামনের কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে মুন্নার সহকর্মীদের পাশাপাশি তার পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর তাৎক্ষণিক প্রধান আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামিদের পুলিশ এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা মুন্না হত্যার বিচার নিশ্চিত করতে আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. একে, আক্তারুজ্জামান, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডা. তাহফীম আহমদ রিফাত, ডা. জাবের আহমদ, ডা. মাহফুজ, সিকিউরিটি সুপারভাইজার শহীদুল ইসলাম, ওয়ার্ড মাস্টার হিরন আহমদ, ওয়ার্ড মাস্টার তারেক আহমদ, ওয়ার্ড মাস্টার জামাল আহমদ প্রমুখ এ সময় বক্তব্য দেন

প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে জিন্দাবাজার এলাকার কাজী ইলিয়াস গলির মুখে ফুটপাতে কাপড়ের ব্যবসা নিয়ে মুন্নার বাবা চৌকিদেখি এলাকার রফিকুল ইসলামের সঙ্গে হকারসহ কয়েকজন যুবকের ঝগড়া হয়। ওই সময় মুন্না বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। রাতেই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্না। তিনি উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন।

এ ঘটনায় মুন্নার বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ মামলার প্রধান আসামি কাজী ইলিয়াস পলাশী-২০ নম্বর বাসার বাসিন্দা ও হবিগঞ্জের মাধবপুর এলাকার নয়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×