৯ বছরের সংসার শেষ, বিচ্ছেদের কারণ জানালেন অভিনেত্রী
গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৪:৪৪
ভারতী টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার বিচ্ছেদের খবর সম্প্রতি ভক্তদের অবাক করেছে। রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর প্রিমিয়ারে প্রথমবারের মতো বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা।
আকাঙ্ক্ষা জানান, তিনি কখনোই মাতৃত্বের প্রতি আগ্রহ অনুভব করেননি। যদিও বিয়ের শুরুর দিকে বিষয়টি নিয়ে নিজেকে সময় দিতে চেয়েছিলেন।
তার ভাষায়, ‘বিয়ের সময় আমার মধ্যে কখনোই মাতৃত্বের অনুভূতি ছিল না। তবে আমি ভেবেছিলাম, সময়ের সঙ্গে হয়তো সেটা তৈরি হবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি, আমি এটার জন্য তৈরি নই। তখন গৌরবও বিষয়টি মেনে নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তার ভাবনায় পরিবর্তন এসেছে।’

আকাঙ্ক্ষা আরও বলেন, ‘এখন গৌরব খুব করে সন্তান চায়, কিন্তু আমি তাকে সেটা দিতে পারব না। অনেক আগেই আমি ওকে বলেছিলাম, আমার মধ্যে সেই অনুভূতিটা নেই। যখন নিশ্চিত হলাম যে আমি মা হতে চাই না, তখনই পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম। এমনকি আমি গৌরবকে বলেছিলাম, যদি এই কারণে আমাকে ছেড়ে যেতে চাও, তাহলে সেটাও আমি মেনে নেব।’
তিনি মনে করেন, বেশিরভাগ মানুষ পরিবার গড়তে ও সন্তান নেওয়ার জন্য বিয়ে করেন। তাই গৌরবের ইচ্ছাকে তিনি ভুল মনে করেন না।
আকাঙ্ক্ষার কথায়, ‘সত্যি বলতে, ৯৯ শতাংশ মানুষ বিয়ে করে পরিবার গড়ার জন্য, সন্তান নেওয়ার জন্য। তাই গৌরবের দিক থেকে কোনো ভুল নেই। বিগ বস-এর সময় আমি বুঝতে পারি, ও সত্যিই খুব করে সন্তান চায়, আর আমি সেটা দিতে পারছি না। তাই আমি চাইনি ও আমার কারণে নিজের স্বপ্ন থেকে বঞ্চিত হোক।’

এর আগেও ‘বিগ বস ১৯’-এ গৌরব খান্না জানিয়েছিলেন, তিনি বাবা হতে চান, কিন্তু আকাঙ্ক্ষা মাতৃত্ব বেছে নিতে চান না। সে সময় ব্যক্তিগত বিষয় প্রকাশ করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে গৌরব স্পষ্ট করেছিলেন, স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সবসময় সম্মান করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ নভেম্বর কানপুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। প্রায় এক দশকের দাম্পত্যের পর মতের অমিলের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। সূত্র: এনডিটিভি
