ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, সরাইলে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, সরাইলে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৯:৪১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সময় সামসুল হক চৌধুরী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাত পুলিশসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। নিহত সামসুল হক চৌধুরী ওই গ্রামের খাঁ বাড়ির সওদাগর চৌধুরীর ছেলে। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পরমানন্দপুর গ্রামের খাঁ বাড়ির লোকজনের সঙ্গে একই গ্রামের দেওয়ান ভূঁইয়া বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে খাঁ বাড়ির আইয়ুব খাঁ ও তার ছেলেকে মারধর করে দেওয়ান বাড়ির লোকজন। পরে শুক্রবার সকালে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে সামসুল হক চৌধুরী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

এ সময় খাঁ বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে খাঁ বাড়ির লোকজনের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পুলিশ দেওয়ান বাড়ির পক্ষ নিয়ে খাঁ বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। পুলিশের হামলায় আহত হয়েই সামসুল হকের মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, সামসুল হক স্ট্রোক করে মারা গেছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো বলেন, পুলিশের লাঠির আঘাতে নয়, স্ট্রোক করে সামসুল হকের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মঞ্জুর আহমেদ ও জাহিদুল ইসলাম, সদস্য শাহাদৎ হোসেন, রেজাউল সরকার, রোকন উদ্দিন, আবদুল মালেক ও ইরফান সরকার। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা বলেন, দু'পক্ষের সংঘর্ষ চলাকালে সামসুল হক চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আর খাঁ বাড়ির লোকজনের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন

×