৪৪০ বস্তা সারসহ ট্রাক জব্দ
ছবি: সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৫
নড়াইলে রাতে বেলা ৪৪০ বস্তা টিএসপি সারসহ এক সার ব্যবসায়ীর ট্রাক জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
সদর থানা পুলিশ জানায়, রাত ৮টার দিকে রূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা ট্রাকটি থামিয়ে পুলিশে খবর দেয়। পরে রাত ১১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাঝেমধ্যে এভাবে সরকারি ভর্তুকির সার পাচার হয়ে অন্য জেলায় চলে যাচ্ছে। এ কারণে নড়াইলে প্রায়ই সারের সংকট হচ্ছে। এসব সার চুয়াডাঙ্গা জেলায় পাচার হচ্ছিল।
জব্দ ট্রাকের মালিক নড়াইলের বিসিআইসির সার ডিলার অলোক কুণ্ডু বলেন, ট্রাকটি তাঁর।
বিএডিসি নড়াইলের উপসহকারী পরিচালক (সার) সুভাষ চন্দ্র সরকার জানান, লোহাগড়ার সার ডিলার মিলন সাহার ২৭৫ বস্তা এবং কালিয়ার তপন দত্তের ৩৬৫ বস্তা সার অফিস থেকে একটি ট্রাক ও অন্য কয়েকটি যানে সন্ধ্যার দিকে গুদাম থেকে নিয়ে যায়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নড়াইল
- সার জব্দ
- ট্রাক জব্দ
