ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নাগরপুর-দেলদুয়ারে তারানা হালিমের সমাবেশ, ইফতার বিতরণ

নাগরপুর-দেলদুয়ারে তারানা হালিমের সমাবেশ, ইফতার বিতরণ
×

তারানা হালিম নিজের তৈরি করা ৩০০ প্যাকেট ইফতারসামগ্রী গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১২:০৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১২:১৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তারানা হালিম টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণসংযোগ করেছেন। রোববার দিনব্যাপী তিনি নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময়সভা ও সমাবেশ করেন।

রোববার সকাল ১০টার দিকে তারানা হালিম পাকুটিয়া ইউনিয়নের রাথুরা বাজার, পাকুটিয়া বাজার ও কেদারপুর বাজার সমিতির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভা করেন। সেখানে তাদের ব্যবসাবাণিজ্যের খোঁজখবর নেন। পরে তিনি তার নিজের গ্রাম ধুবরিয়ায় যান। সেখানে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশাল এক নারী সমাবেশে যোগ দেন। বিকেলে তিনি উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইফতার করেন। এছাড়া তারানা হালিম নিজের তৈরি করা ৩০০ প্যাকেট ইফতারসামগ্রী গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন। 


তারানা হালিম বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তারপরও দেশে খারাপ অবস্থার সৃষ্টি হয়নি। ইউরোপ-আমেরিকায়ও রেশনিং করে বিক্রি হচ্ছে। আমাদের দেশে সে অবস্থার সৃষ্টি হয়নি। আপনারা সব কিছুই হাতের কাছে পাচ্ছেন। 


তিনি বলেন, নাগরপুর দেলদুয়ার হবে সন্ত্রাসমুক্ত। হানাহানি মুক্ত। এখানে রাজনৈতিক কোনো সংঘাত থাকবে না। 

তিনি আরও বলেন, মন্ত্রী থাকাকালীন অনেক উন্নয়ন করেছি। আমি সুষম বণ্টনে বিশ্বাসী। যেখানে উন্নয়ন হয়নি সেখানে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে দেখে-শুনে ভোট দেওয়ার আহ্বান জানান। 


এ সময় তার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম সরকার, সাধারণ সম্পাদক শামীম খান, মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোপাল চন্দ্র সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক খালিদ হোসেন, অধ্যাপক লক্ষিকান্দ সাহা, মোকনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ফজল, ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক, বেকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ। 

আরও পড়ুন

×