ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তীব্র যানজটে দুর্ভোগে খুলনা নগরবাসী

তীব্র যানজটে দুর্ভোগে খুলনা নগরবাসী
×

ছবি- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৬:৪৩

স্যুয়ারেজ লাইনের জন্য সড়কে খোঁড়াখুঁড়ি, সড়ক ও ড্রেন সংস্কার এবং ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ইজিবাইক ও রিকশার দাপটে হেঁটে চলাচল করাও যেন দায়। যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

জানা গেছে, স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য খুলনা ওয়াসা সম্প্রতি নগরীর আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোডসহ ১২টি সড়কে খোঁড়াখুঁড়ি করেছে। সেগুলো এখনও সংস্কার করা হয়নি। ফলে এই সড়কগুলো দিয়ে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। সড়ক ও জনপথ বিভাগও নগরীর রয়্যাল মোড় থেকে রূপসা ঘাট পর্যন্ত সড়কে খোঁড়াখুঁড়ি ও সংস্কার কাজ করছে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন নগরীর ১৪২টি সড়ক ও ড্রেন সংস্কারের কাজ করছে। এর মধ্যে কিছু সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। আবার কিছু সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে চাপ পড়েছে অন্য সড়কগুলোয়।

এদিকে ঈদ সামনে রেখে খুলনা যেন পরিণত হয়েছে রিকশা ও ইজিবাইকের নগরীতে। হাজার হাজার ইজিবাইকের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। খুলনা সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, নগরীতে লাইসেন্সধারী রিকশার সংখ্যা প্রায় ১৭ হাজার। আর লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে ৮ হাজার। তবে এর বাইরেও লাইসেন্সবিহীন কয়েক হাজার ইজিবাইক ও রিকশা চলাচল করছে।

নগরীর কয়েকটি রুটে বাস চলাচল করলেও নগরবাসীর প্রধান বাহন হচ্ছে রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটো ও মাহিন্দ্র। বিভিন্ন জেলা-উপজেলার শ্রমজীবী মানুষ নগরীতে রিকশা ও ইজিবাইক চালান। ঈদ সামনে রেখে আরও মানুষ রিকশা-ইজিবাইক চালাতে নেমেছেন। এই অদক্ষ চালকদের কারণে নগরীতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নগরীর শান্তিধাম মোড়, ফারাজীপাড়া ফুলমার্কেট মোড়, স্যার ইকবাল রোড, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলো মোড়, হাদিস পার্কের মোড়, খুলনা সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড়, ধর্মসভা মোড়, সিমেট্রি রোড ও রূপসা ট্রাফিক মোড়ে ব্যাপক যানজট হচ্ছে। ঈদের কেনাকাটা উপলক্ষে নগরীর মার্কেটগুলোয় লোক সমাগম বেড়েছে। বেড়েছে নগরমুখী যানবাহনের সংখ্যা। বিভিন্ন মার্কেটের সামনে ও পার্শ্ববর্তী এলাকায় গাড়ি পার্ক করা হচ্ছে। ফলেও বেড়ে যাচ্ছে যানজট।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, নগরীর রাস্তার তুলনায় রিকশা, ইজিবাইক, মাহিন্দ্রসহ ৩ চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ইজিবাইকের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। রমজান মাসে তীব্র যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কেএমপির ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মুনীরা সুলতানা বলেন, সড়কে খোঁড়াখুঁড়ি, সড়ক ও ড্রেন সংস্কার কাজ এবং ঈদের সময় মানুষের চাপ বেড়ে যাওয়ায় যানজট বেড়েছে। যানজট নিরসনে সাধ্যমতো চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লে রোডসহ মার্কেটসংলগ্ন কয়েকটি সড়কে রিকশা-ইজিবাইক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×