সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম সড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে শনিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (ছবি-সংগৃহীত)
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৩ | ০৬:৫৫ | আপডেট: ১৯ মে ২০২৩ | ০৬:৫৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপনের জন্য দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে শনিবার সকালে। নিরাপত্তাজনিত কারণে মহাসড়কটি ওই সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় যানবাহন বিকল্প সড়ক হাটহাজারী-ফটিকছড়ি দিয়ে চলাচল করবে।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপন করা হবে। শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প সড়ক ব্যবহার করে ঢাকা-চট্টগ্রামে যানবাহন চলাচল করতে পারবে।’
এর আগে ১১ মে ডেক বিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোকার কারণে সে সময় বিমটি বসানো যায়নি বলে জানান পিন্টু চাকমা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, বিম তোলার সময় প্রথমে এত ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। সময় যাতে বেশি না লাগে সেজন্য তিনি নির্বাহী প্রকৌশলীকে লোকবল বাড়িয়ে কাজটি দ্রুত শেষ করার জন্য বলেছেন। ওই সময় কাজ শেষ করতে না পারলে যানজটে মানুষের দূর্ভোগ বাড়বে।
- বিষয় :
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- সীতাকুণ্ড
- র ডেক বিম
