বাঁশখালীতে ট্যাক্সি চালককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০১:১১
চট্টগ্রামের বাঁশখালীতে মাহফুজুর রহমান ওরফে খোকন (৩০) নামে এক সিএনজি ট্যাক্সি চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনায় বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার ট্যাক্সি চালক খোকনের কাছে সোমবার রাতে স্থানীয় কয়েক যুবক গাড়িটি চায় এবং চাবি দিতে বলে। তা না দেওয়ায় তারা রাত তিনটার দিকে খোকনকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নিয়ে পায়ের হাটুতে হাতুিড়পেটা ও লাঠি দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করতে থাকে।
এ সময় তার চিৎকারে তার মা এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও লোহার রড দিয়ে গুরুতর জখম করে চলে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় স্থানীয় কামরানুল ইসলাম ও তার ভাই এমরানুল ইসলামকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় নেওয়া জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
