ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনায় মারা যাওয়া রোগীদের দাফনে ৫ সদস্যের কমিটি

করোনায় মারা যাওয়া রোগীদের দাফনে ৫ সদস্যের কমিটি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৭:২৯ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৭:৩১

করোনায় মারা যাওয়া রোগীদেরকে সরকারিভাবে ধর্ম অনুযায়ী দাফন কিংবা দাহ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এছাড়া করোনা রোগী সংক্রান্ত বিভাগীয় পর্যায়ের যে কোন তথ্য দিতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে একটি মিডিয়া সেল থাকবে। প্রতিদিন সন্ধ্যায় এই মিডিয়া সেল থেকে গণমাধ্যম কর্মীদেরকে তথ্য সরবরাহ করা হবে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এসব তথ্য জানান। তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন এবিএম আজাদ বলেন, করোনা ভাইরাসের চরম ঝুঁকিতে বাংলাদেশ। এ কারণে সরকার দেশে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে রাস্তায় বের হওয়া যাবে না, ঘরেই থাকতে হবে। কেউ আইন অমান্য করলে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আইনানুগ ব্যবস্থা নেবে। রিকশা থেকে শুরু করে সড়কে কোন যানবাহন চলতে পারবে না। চট্টগ্রামে করোনা শনাক্তের জন্য এক হাজার কিট ও সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে। 

আইসোলেশনে থাকা কোন রোগীর মৃত্যু হলে ওই রোগীর মৃত্যু করোনায় কিনা তা মেডিকেল টেস্টের মাধ্যমে শতভাগ নিশ্চিত না হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা যাবে না। তিনি বলেন, বিশেষ প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে দুপুরের পরপর তাদেরকে ঘরে ঢুকে যেতে হবে। এ ব্যাপারে মাইকিং করা হবে। কেউ এ আদেশ অমান্য করে রাস্তায় ঘুরাফেরা করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হাবিবুর রহমান, সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবির।

আরও পড়ুন

×