ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চরাঞ্চলের মানুষের উন্নয়নে দৃঢ় প্রত্যয় এ. কে. আজাদের

চরাঞ্চলের মানুষের উন্নয়নে দৃঢ় প্রত্যয় এ. কে. আজাদের
×

নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী মসজিদে নামাজের জন্য গেলে স্থানীয়রা এ. কে. আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ০৪ জুলাই ২০২৩ | ১৫:০২

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি চরাঞ্চলের সন্তান। আমি চরকে আর চর বলতে দেব না, চরকে অচিরেই শহরে পরিণত করব।’ মঙ্গলবার ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর সোবান ফকিরের ডাঙ্গি এলাকায় মরহুম চাঁন মিয়া ফকিরের বাড়িতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। 

এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেন, ‘চরবাসীর জীবনমান উন্নয়ন করতে স্কুল প্রতিষ্ঠা করেছি। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল করেছি। চরের ছেলেমেয়েদের শিক্ষিত করে চাকরি প্রদান করেছি। পদ্মার অবহেলিত জনপদ আজ আর অবহেলিত নেই। এ অঞ্চলে কাউকে আর বেকার ঘুরতে হবে না। চরাঞ্চলে শিক্ষার প্রসার ও জীবনযাত্রার মান উন্নয়নে হা-মীম গ্রুপ শুরু থেকেই কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।’ 

গোলডাঙ্গী মসজিদে নামাজ শেষে বয়ান করছেন এ. কে. আজাদ

মতবিনিময় শেষে চাঁন মিয়া ফকিরের কবর জিয়ারত করেন তিনি। এর আগে তিনি গোলডাঙ্গী চর জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের খোঁজখবর নেন। পরে মসজিদের উন্নয়নে অনুদান দেন। এরপর গোলডাঙ্গী চর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের হাফেজি শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যাতে চরাঞ্চলের মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ও আলিয়াবাদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, মাওলানা সামছুল হক, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ ফকির, আ. খালেক, ইঞ্জিনিয়ার মো. আফসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ. কে. আজাদ এর আগে ফরিদপুর পৌরসভা এবং ইউনিয়নগুলোর বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন।

আরও পড়ুন

×