ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ডোমারে জ্বর-কাশি নিয়ে বৃদ্ধের মৃত্যু

ডোমারে জ্বর-কাশি নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ১১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নীলফামারীর ডোমারে জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বুধবার দুপুরে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকিবাড়ী খালপাড়া গ্রামে বৃদ্ধের মৃত্যু হয়।

মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর পুলিশের সহযোগিতায় তার দাফন সম্পন্ন হয়। 

তবে মৃত ব্যক্তি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জহুরুল হক দীপু।

মৃত ব্যক্তির ছেলে জানান,দীর্ঘদিন থেকে তার বাবা শ্বসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার হার্টের সমস্যা ধরা পড়ে। কয়েকদিন থেকে শ্বাসকষ্ট বেড়ে মঙ্গলবার রাতে বাড়িতেই তিনি মারা যান। বুধবার সকালে তার মৃত্যুর সংবাদে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পাড়া-পড়শীরা তাদের বাসায় ভয়ে আসেনি। তবে তিনি বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টের কারণে মারা গেছেন বলেও জানান তিনি।

বুধবার দুপুরে মৃত ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, মানুষের মধ্যে ভয় কাজ করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা সেটা পরীক্ষার জন্য তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মৃত ব্যক্তির বাড়ির ৫০০ গজের মধ্যে আর কোনো বসতভিটা না থাকায় ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। 

এদিকে, করোনা আতঙ্ক থাকায় মৃত ব্যক্তির দাফন ও জানাজা নিয়ে স্থানীয়রা কেউ ভয়ে এগিয়ে না আসায় ডোমার থানা পুলিশের সহযোগিতায় দাফন ও জানাজা সম্পন্ন করা হয়েছে।

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত্যু ব্যক্তির দুই ছেলে ও নাতির সহযোগিতায় এবং পুলিশের সাত সদস্য মিলে দাফন ও জানাজার কাজ সম্পন্ন করা হয়। মৃত্যু ব্যক্তির নাতি জানাজার ইমামতি করেন। 

তিনি বলেন,করোনা আতঙ্কে এলাকাবাসীরা ভয়ে ওই বাড়িতে প্রবেশ করেনি এবং দাফন কাজে অংশ নেয়নি। মৃত ব্যক্তির বাড়িটি লকডাউনের পাশাপাশি তার পরিবারের সাত সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। 


আরও পড়ুন

×