ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রতিবন্ধীকে নির্যাতনের পর হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ২

প্রতিবন্ধীকে নির্যাতনের পর হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ২
×

ছবি: সংগৃহীত

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৪:১৮

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে ফরিদপুর ও যশোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।

গ্রেপ্তাররা হলেন, নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (২৫) ও একই গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৭)।

র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল শুক্রবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা এলাকা থেকে মামলার এক নম্বর পলাতক আসামি প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি দল ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকা থেকে মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি অপূর্ব বিশ্বাসকে গ্রেপ্তার করে।

এনিয়ে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ২৯ জুন রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় পরিণত হয়।

শুক্রবার আরেক আসামি আকাশ বিশ্বাসকে (২৫) যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ বিশ্বাস উত্তর খলিশাখালী গ্রামের প্রভাস বিশ্বাসের ছেলে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×