ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে শিক্ষক নিহত
প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ০৭:২২ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ০৭:২৭
রাজবাড়ীতে
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন কাজী মুর্তজা হাকিম নিপুন
নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক। রোববার রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক
মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধীমারা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়
গুরুতর আহত হয়েছেন মুর্তজা হাকিমের ছেলে কলেজ শিক্ষার্থী ইমন।
মুর্তজা হাকিম
কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি একই
উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীদের
পারিবারিক সূত্র জানায়, ইমন রাজবাড়ী সরকারি কলেজে পড়াশোনা করেন। রাজবাড়ী শহরে তার ফুফুর
বাড়িতে থাকেন। শিক্ষক মুর্তজা হাকিম তাঁর ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন।
মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যানের হেডলাইটের আলো
চোখে পড়ায় কিছু দেখতে না পেয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে
ধাক্কা খান। এতে দু’জনেই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে
নেওয়া হলে চিকিৎসক মুর্তজা হাকিমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড
করেন। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত
করেন গান্ধীমারা হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর
আহত মোটরসাইকেল আরোহীদের অ্যম্বুলেন্স ডেকে
হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।
