ঝুঁকিপূর্ণ এলাকা ও তাবলীগ ফেরতদের নিয়ে আতঙ্ক
কমলনগর-রামগতিতে ১১ বাড়ি লকডাউন, ৩১৬ জন হোম কোয়ারেন্টাইনে
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ, ঢাকা ও কক্সবাজার থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে আসা ব্যক্তিদেরে নিয়ে বিপাকে পড়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। পরিচায় গোপন করে বিভিন্ন এলাকায় তারা আত্মগোপনে থাকায় করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তবুও বিভিন্ন সূত্রে খবর নিয়ে প্রশাসন তাদের কারও কারও বাড়ি লকডাউন করে দিচ্ছেন। করোনা পরীক্ষার জন্য তাদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা।
জানা গেছে, গত তিন-চারদিনে অর্ধশতাধিক ব্যক্তি ঝুঁকিপূর্ণ ওই সব জায়গাসহ তাবলীগ জামায়াত থেকে কমলনগর ও রামগতির বিভিন্ন এলাকায় এসেছেন। এদের মধ্যে কমলনগর উপজেলা প্রশাসন চরমার্টিন ও চরকাদিরা এলাকার দুই ব্যক্তির দু’টি বাড়ি লকডাউন করে ৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিভাগ তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। রামগতি উপজেলার জনতাবাজার, সবুজগ্রাম, বড়খেরী ও চররমিজ এলাকার নয় বাড়ি লকডাউন করে দেওয়ার পাশাপাশি আট জনের নমুনা সংগ্রহ করা হয়। আত্মগোপনে থাকা অপর ব্যক্তিদের তথ্য দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।
এ ব্যাপারে শনিবার রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমি জানান, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা ও তাবলীগ ফেরত আট ব্যক্তির নমুনা সংগ্রহ করে নয়টি বাড়ি লকডাউন করা হয়। এ সময় তাদের পরিবারের ২৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ জানান তিনি।
