গজারিয়ায় আরো একজন ব্যাংক কর্মচারীর করোনা শনাক্ত
গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মুন্সীগঞ্জের গজারিয়ায় একজন ব্যাংক কর্মচারীর করোনা শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইরচর গ্রামের বাসিন্দা।
এ নিয়ে উপজেলায় দুই স্বাস্থ্যকর্মীসহ মোট চার জনের(কভিড-১৯) শনাক্ত করা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোসাইরচর গ্রামের আক্রান্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে তিনি একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. এমারত হোসেন জানান, গত এক সপ্তাহ যাবত তিনি জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছিলেন সংশ্লিষ্ট কাউকে কিছু না জানিয়ে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, সপ্তাহব্যাপি জ্বরে ভুগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আসেন। আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর রোববার সকালে ওই ব্যক্তির পজিটিভ রিপোর্ট পাই।
পরবর্তীতে তার বাড়িতে একাধিক লাল নিশান দিয়ে চিহ্নিত করে একজন চৌকিদারকে পাহাড়ায় বসানো হয়েছে। তার স্ত্রীও পজিটিভ হতে পারে এমন আশঙ্কাই বর্তমানে তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী নার্স ও নারায়ণগঞ্জ থেকে এসে উপজেলার লক্ষীপুরা গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়া এক শ্রমিকসহ তিন জনের নভেল করোনা ভাইরাস(কভিড-১৯) শনাক্ত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত মধ্য রাতে ঢাকায় নেয়া হয়েছে।
