মাগুরায় ব্যাংকারসহ তার পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত নন
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই ব্যাংকারসহ পরিবারে সদস্যদের নিজে বাসায় পৌঁছে দেন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাগুরার ব্যাংকারসহ আইসোলেশনে থাকা একই পরিবারের তিন সদস্যের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রোববার দুপুরে ঢাকা থেকে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট মাগুরা আসার পর জেলা সিভিল সার্জন এ তথ্য জানান।
করোনামুক্ত হওয়ায় ওই ব্যাংকারের আবাসস্থল শহরের পুরাতন বাজার এলাকাকে লকডাউন মুক্ত করেছে প্রশাসন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, নোয়াখালীতে কর্মরত ওই ব্যাংক কর্মকর্তা জ্বরসহ নানা উপসর্গ নিয়ে গত ২৬ মার্চ নিজ জেলা মাগুরায় এসে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে শহরের পুরাতন বাজার এলাকার বাসায় পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন। একইসঙ্গে পরিবারের অন্য দুই সদস্য জ্বরে আক্রান্ত হন। গত ৩ এপ্রিল সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ ওই ব্যাংকারসহ তার পরিবারের অন্য দুই সদস্যকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে নিয়ে যায়। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পুরাতন বাজার এলাকা লকডাউন করা হয়। পরদিন তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, রোববার দুপুরে ঢাকা থেকে পাঠানো ওই ব্যাংকারসহ তার পরিবারের তিন সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল তিনি হাতে পান। যেখানে তিনজনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
এদিকে এ রিপোর্ট আসার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই ব্যাংকারসহ পরিবারে সদস্যদের নিজে বাসায় পৌঁছে দেন। এ সময় তিনি পরিবারটিকে সব ধরনের সহায়তার দায়িত্বভার নেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ওই পরিবারের কেউ করোনায় আক্রান্ত নয় জানার পর পুরাতবাজার এলাকার লকডাউন তুলে নেওয়া হয়েছে।
