গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৯:২১
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের বুধপাশা গ্রামে ওই গৃহবধূ মৃত্যূর পর স্থানীয়রা করোনা উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন বলে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানান। উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই গৃহবধূ, তার স্বামী ও শিশু কন্যার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। পরে ওই গৃহবধূর বাড়িসহ মোট পাঁচটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুব্রত কুমার সাহা বলেন, বুধপাশা গ্রামে ওই গৃহবধূ মৃত্যূর পর স্থানীয়রা জানান- ওই নারী করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তবে নমুনা সংগ্রহের সময় ওই গৃহবধুর স্বামী জানান- তার স্ত্রীর শনিবার সকালে পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হয়। এ কারণেই সে মারা গেছে। তার শরীরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ছিল না। তবুও আমরা ৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছি।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার বলেন, ওই গৃহবধূ করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয়রা জানান। এ ছাড়া ওই নারীর মৃত্যু সম্পর্কে তার স্বামীর বক্তব্য আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। প্রায় ৪ মাস আগে ওই গৃহবধূ একটি কন্যা সন্তান প্রসব করেন। তার শরীরে রক্তশূন্যতা ছিল। রক্তশূন্যতার ওষুধ সেবন করলেও শ্বাসকষ্ট হতে পরে।
ডা. মো. কাইয়ূম জানান, করোনার ঝুঁকির মধ্যে ওই গ্রহবধূর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতেই নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, এ ঘটনা জানার পর আমরা ওই গৃহবধূর বাড়ি সহ মোট ৫টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে নিয়েছি। তাদের ব্যাপারে আমরা ও স্বাস্থ্য বিভাগ নিয়মিত খোঁজ খবর নিচ্ছি।
