ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মায়েদের সঙ্গে কোলের শিশুও কারাগারে

মায়েদের সঙ্গে কোলের শিশুও কারাগারে
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৯:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার সোনাতলায় হত্যার মামলায় গ্রেপ্তার মায়েদের সঙ্গে কোলের দুই শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। 

শিশু দুটির মধ্যে একজনের বয়স ৮ মাস ও অন্যজনের বয়স ১৪ মাস। রোববার থানা হেফাজত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় মা ও শিশুদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার চকনন্দন গ্রামের আব্দুল খালেক মোল্লার লাউগাছ ছাগলে খেয়ে ফেলা নিয়ে পরদিন শনিবার দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে শফিকুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শফিকুল মারা যান।

এ নিয়ে রোববার সকালে নিহতের ভাই রফিকুল ইসলাম ২০ জনকে আসামি করে সোনাতলা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় চার নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে চকনন্দন গ্রামের শিবলু মিয়ার স্ত্রী তাছলিমা বেগমের সঙ্গে তার ১৪ মাসের শিশু ছেলে এবং ফারুক আহমেদের স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে ৮ মাসের শিশুকন্যাকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুর ১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে আসামিদের কারাগারে পাঠানো হয়। এ সময় মা ও শিশুদের কান্নায় থানা চত্বরে উপস্থিত অনেকে চোখে পানি ধরে রাখতে পারেননি।

এ ব্যাপারে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, মামলার আসামি হওয়ায় ওই নারীদের গ্রেপ্তার করা হয়। পরে কোলের শিশুসহই তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।





আরও পড়ুন

×