সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ১০:০৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ১০:০৯
লকডাউন করা হয়েছে সুনামগঞ্জ জেলাকে। দোয়ারাবাজর উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানার পর রোববার বিকেলে লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
করোনা আক্রান্ত ওই নারীর স্বামী গত ৫ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন। দোয়ারাবাজেরর মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের বাড়িতে ফিরে ওই প্রবাসী দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম।
৯ এপ্রিল ওই ব্যক্তির স্ত্রী স্বর্দি-জ্বরে আক্রান্ত হন। এই উপসর্গে ভোগা তিনিসহ উপজেলার মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
রোববার দুপুর ১২টায় সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, দোয়ারাবাজর উপজেলার চণ্ডিপুর গ্রামের ওই সৌদি প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত। ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেসনে রাখা হয়েছে।
এরপরই বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল ৫ টায় জেলা প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন থাকবে।
