বাইক আটকানোয় নিরাপত্তাকর্মীকে ছাত্রলীগ নেতার লাথি
ছাত্রলীগ নেতা মো. নাজিম উদ্দিন.
চবি সংবাদদাতা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ১১:১১ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ১১:২২
মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর পুরুষাঙ্গে লাথি দিয়েছেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন। এতে রক্ত ঝরতে থাকলে আহত নিরাপত্তা কর্মীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নং প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুপারভাইজার আবুল বসর ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সমকালকে বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এ পরিস্থিতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ছাত্রলীগ নেতা নাজিমের ভাই ও তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে বাধা দেয় সিনিয়র নিরাপত্তা সুপারভাইজার বেলায়েত হোসেন। এ ঘটনায় রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নং প্রবেশদ্বারে দায়িত্বে থাকা বেলায়েতকে গিয়ে মারধর শুরু করে নাজিম। এক পর্যায়ে তার তলপেট ও পুরুষঙ্গে লাথি দেয় সে। এতে রক্ত ঝরতে থাকলে স্থানীয়রা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।
এদিকে নাজিমকে আটক না করলে দায়িত্ব পালন না করার হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী ইউনিয়ন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল গনি সমকালকে বলেন, 'আহত অবস্থায় একজন চিকিৎসা নিয়েছে। তার পুরুষাঙ্গ ও অণ্ডকোষে জোরে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমরা চিকিৎসা দিয়েছে। তাকে ২৪ ঘণ্টা বিশ্রামে থাকতে বলা হয়েছে। উনি বয়ষ্ক মানুষ হওয়া এক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।'
মারধরের বিষয়ে মো. নাজিম উদ্দিন বলেন, 'ওই নিরাপত্তা কর্মীর মাস্ক পরা ছিলেন না। তিনি আমার সঙ্গে কথা বলতে এলে আমি তাকে একটু দূরে ঠেলে দিয়েছি। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।'
বিশ্ববিদ্যালরেয়র প্রক্টর এস এম মনিরুল হাসান সমকালকে বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। নাজিমের বাড়িতে পুলিশ গিয়েছিল। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশ খুঁজছে।'
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন টিপু বলেন, 'এই মহামারির সময়ে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে। তবে কিছু লোক ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।'
