সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনে ৯৬ জনকে জরিমানা
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ১১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট জেলায় লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন আইনে ৯৬ জনকে জরিমানা করা হয়েছে। রোববার রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এক লাখ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে লকডাউনের প্রথমদিন শনিবার ৮৫ জনকে এক লাখ ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছিল।
সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, জনস্বার্থে সেনাবাহিনী ও পুলিশবাহিনী সহায়তায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিমের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশে শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা লকডাউন ঘোষণা করা হয়।
