করোনা উপসর্গ নিয়ে সেন্টমার্টিনে জেলের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে জেলের মৃত্যু- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০২:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজারের সেন্টমার্টিনে করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ সেলিম (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে দ্বীপের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত তিন দিন ধরে ওই জেলে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিলেন।
নিহত ওই জেলে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কি-না তা নিশ্চিত নই। তবে এই মুহূর্তে আতঙ্ক হওয়ার কোন কারন নেই। তবে তার দাফন প্রক্রিয়া সম্পূর্ণ করোনা রোগীর ন্যায় হবে।
তিনি বলেন, দাফন কার্যক্রমে অংশ নেওয়া লোকজন এবং মৃত ব্যক্তির পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে। পরেবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করে, করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে চিকিৎসা নিতে ঘর থেকে বের হওয়ার পথে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি মাদক সেবনের কারনে আগে থেকে অসুস্থ ছিলেন। তার কোন করোনা লক্ষণ ছিল না।
তিনি বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে, দাফন সম্পন্ন করা হয়েছে। তবে তার পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে।
এই নিয়ে দ্বীপবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
