গৌরনদীতে ৫৪ বস্তা চাল কালোবাজারে বিক্রি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০২:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির ৫৪ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ওই চালসহ তাদের আটক করা হয়।
আটক প্রদীপ দত্ত (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের ছেলে। অন্য দুজন হলেন- একই এলাকার ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা ও ভ্যানচালক শঙ্কর পাল।
গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় থানার এসআই মো. হেলাল উদ্দিন বাদি হয়ে গ্রেফতারকৃত ডিলার প্রদীপ কুমার দত্ত ও ব্যবসায়ী পংকজ সাহারকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ভ্যানচালক সংকর পালকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে মামলার সাক্ষী করা হয়েছে। ডিলার ও ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, করোনা দুর্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকা দরিদ্র অসহায় জনগোষ্ঠি যাতে খাদ্য সংকটে না পড়ে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জরুরি ভিত্তিতে তার অগ্রাধিকার প্রকল্প, ’খাদ্য বান্ধব কর্মসূচির’র মাধ্যমে দেশব্যাপী ১০টাকা কেজি মূল্যে চাল বিক্রির নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ওই নির্দেশের পর গৌরনদী উপজেলা প্রশাসন উপজেলার প্রতিটি ইউনিয়নে ২জন করে ডিলার নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি শুরু করে।
খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের ডিলার হিসেবে নিয়োগ পান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী প্রদীপ কুমার দত্ত।
উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী জানান, ডিলার প্রদীপ কুমার দত্ত গত ৬ এপ্রিল উপজেলা খাদ্য গুদাম থেকে ২৮.৫৯০ মেট্রিক টন (২৮ টন ৫৯০ কেজি) চাল উত্তোলন করেন। ৭ এপ্রিল থেকে তিনি ওই চাল ১০ টাকা কেজি মূল্যে বাজারে বিক্রি করে আসছিলেন।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ওই চালের ভেতর থেকে ৩০ কেজির ৩৯টি বস্তায় ও ৫০ কেজির ১৫টি বস্তায় করে মোট ৫৪টি বস্তায় ১৯২০ কেজি (চাল ডিলার প্রদীপ কুমার দত্ত বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার কাছে গোপনে বিক্রি করে দেন। গোপন সূত্রে এ খবর জানতে পেরে অভিযান চালিয়ে ব্যবসায়ী পংকজ সাহার দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়।
