ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ফুলবাড়ীতে যুবক করোনা আক্রান্ত, ওয়ার্ড লকডাউন

ফুলবাড়ীতে যুবক করোনা আক্রান্ত, ওয়ার্ড লকডাউন
×

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০২:১৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ৩০ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগারে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আরেফিন মঙ্গলবার রাত ১০ টার দিকে ধর্মপুর গ্রামে গিয়ে কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ এবং ৩, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের অংশ বিশেষ লকডাউন ঘোষণা করেন। 

তিনি তার ঘোষণায় আরও বলেন, ধর্মপুর গ্রামের উত্তর দিকে মধ্য কাশিপুর বাজার, দক্ষিণে শ্যামপুর ও বামনের বাজার পূর্বে উপজেলার শেষ সীমানা এবং পশ্চিমে কাশিয়াবাড়ী ও গঙ্গারহাট বাজার পর্যন্ত এলাকার অংশ বিশেষ লকডাউনের আওতাভুক্ত থাকবে। এছাড়া ওই যুবকের বাড়ি লাল পতাকা টানানো হয়। 

এই ঘোষণা দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়া ওই যুবককে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এছাড়া তার পরিবারের ৪ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এর ফলাফল পাওয়ার পর তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই যুবক গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন। এরপর গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ এপ্রিল পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এদিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে বুধবার হোম কোয়ারেন্টাইন আছেন মোট ৩৩০ জন। আর মেয়াদ শেষ হওয়ায় ৩৪০ জনকে হোম কোয়ারেন্টাাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×