আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি: এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১১:১৮
বিশ্বকাপে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। প্রচণ্ড গরম ও উত্তেজনায় ভরা সেই ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসিরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
রোববার শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়াই করতে হয় এমবাপ্পেদের। এদিন ম্যাচের প্রায় পুরো সময় প্যারাগুয়ে শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলেছে। তারা ম্যাচের শুরু থেকে ফাউল, ট্যাকল ও সংঘর্ষে ফ্রান্সের খেলোয়াড়দের বিরক্ত করে গেছেন। এ নিয়ে ম্যাচ শেষে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন এমবাপ্পে। তিনি জানান, প্রয়োজনে তার দলও ‘ডার্টি ফুটবল’ খেলতে জানে।
প্যারাগুয়ের বিপক্ষে এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল ফ্রান্সের। খেলা শেষে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।’
প্রতিপক্ষের কৌশল নিয়ে এমবাপ্পে বলেন, ‘ওরা ভেবেছিল আমরা হয়তো আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলার জন্য মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।’
এদিকে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচে সবমিলিয়ে চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স।
