ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

থানার এসি খুলে নিলেন ওসি

থানার এসি খুলে নিলেন ওসি
×

পুলিশ সদস্য ও এক ভ্যানচালকের সহায়তায় থানার জিনিসপত্র খোলা হয়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৪:১০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৪:১০

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম তাঁর কার্যালয় থেকে টেলিভিশন, সোফা, আইপিএস ও এসি খুলে নিয়েছেন। বদলিজনিত কারণে এসি ও আসবাব খুলে নিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ সদস্য ও এক ভ্যানচালকের সহায়তায় থানার জিনিসপত্র খোলা হয়। সেগুলো থানা থেকে ভ্যানে করে ওসির কোয়ার্টারে নেওয়া হয়েছে।

এভাবে থানায় লাগানো জিনিসপত্র খুলে নেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়। এর পরদিন শুক্রবার রাতে থানার টেলিভিশন, সোফা, আইপিএস ও এসি খুলে নেওয়া হয়।

পুলিশ সদস্য উদয় বলেন, ওসির নির্দেশে জিনিসপত্র খুলে নেওয়া হয়েছে। সেগুলো ওসির কোয়ার্টারে রাখা হয়েছে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুরান মন্ডলের ভাষ্য, থানার সৌন্দর্যবর্ধনের জন্য বালুমহালের টাকা দিয়ে এসব জিনিস কিনে দেওয়া হয়েছে। থানার স্বার্থে দেওয়া হয়েছিল, কারও ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। থানায় যে ওসি আসবেন, তিনি সেই সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু সেগুলো খুলে নিয়েছেন ওসি ফরিদুল ইসলাম।

তবে বদলি হওয়া পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলামের দাবি, যেগুলো থানা থেকে খোলা হয়েছে, সেগুলো ব্যক্তিগত টাকায় কেনা।

আরও পড়ুন

×