ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ভাঙ্গায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু

ভাঙ্গায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:২৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:২৩

ফরিদপুরের ভাঙ্গায় জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহীন মাতুব্বর (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার সলিলদিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের হারুন মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঢাকার মিরপুরে তিনি একটি ফুসকা তৈরির কারখানায় কাজ করতেন। বাড়িতে আসার পর গত ৩/৪ দিন ধরে তিনি প্রচুর জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে কাশির সঙ্গে তার রক্তবমি শুরু হলে ভোরে তার মৃত্যু হয়। 

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করে।  

খবর পেয়ে বুধবার সকালে ভাঙ্গা হাসপাতালের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে এবং ভাঙ্গা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাফনের প্রস্তুতি নেয়। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন জানান, মৃত ব্যক্তি জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা এ সন্দেহে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। 

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান সমকালকে জানান, খবর পেয়ে একটি মেডিকেল টিম, পুলিশ এবং উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দাফনের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে এলাকাবাসীকে ওই বাড়ি থেকে দূরত্ব বজায় রেখে যার যার ঘরে থাকার এবং ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  


আরও পড়ুন

×