সিংড়ায় ১৭১ বস্তা চালসহ ডিলার আটক
চালসহ আটক ডিলার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:৩২
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়ায় পরিত্যক্ত ছাত্রাবাস থেকে খোলা বাজারে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের ১৭১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এসময় চালের ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে চালগুলো উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওএমএসের ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান উত্তোলন করেছিলেন ১০ টাকা কেজি করে বিক্রির জন্য। খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিতের পর চালগুলোর ব্যাপারে না জানিয়ে আত্মসাতের পরিকল্পনা করছিলেন তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, যেদিন খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয় সেদিন বেশ কিছু ডিলার চাল উত্তোলন করেছিলেন। তারা অঙ্গীকার করেছিলেন, তালিকা অনুযায়ী চালগুলি বিতরণ করবেন। ডিলার আসাদুজ্জামান তার কাছে চাল মজুদের বিষয়টি গোপন করে গেছেন। মজুদ থেকে যাওয়ায় চালগুলি সরকারি গুদামে না রেখে পরিত্যক্ত একটি ভবনে রেখেছেন। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
