বগুড়ায় আরও একজন আইসোলেশনে
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে ৪৫ বছর বয়সী এই ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, বগুড়ার শিবগঞ্জের ওই বাসিন্দা সর্দি, জ্বর এবং শ্বাস কষ্টজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে আসেন। করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, আইসোলেশন ইউনিটে বর্তমানে নমুনা পরীক্ষার অপেক্ষায় থাকা ৫ জন সন্দেহভাজন ছাড়াও করোনায় আক্রান্ত রংপুরের একজন রোগীসহ মোট ৬ জন চিকিৎসাধীন।
নুরুজ্জামান জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি আগের চেয়ে কিছুটা সুস্থ। তার নমুনা আবারও পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
