ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে দুই যুবক মারা গেছেন। বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য ইতোমধ্যে তাদের দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বৃহস্পতিবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য জানিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, মৃতদের মধ্যে একজন ৩০ বছর বয়সী যুবকের শ্বাসপ্রশ্বাসের কষ্ট ও পেট ব্যথা হলে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। তার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

তিনি বলেন, যেহেতু ওই এলাকায় আগে থেকেই একটি করোনা পজেটিভ কেইস আছে। এছাড়া করোনায় কারো কারো পেট ব্যথাও হতে পারে। তাই কিছুটা সন্দেহ থাকায় আক্রান্ত রোগীর নিয়ম অনুযায়ীই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের যারা তাকে কবর দেবে এবং নমুনা সংগ্রহ করবে তারা ওই এলাকায় গিয়েছে। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মৃতের দাফন সম্পন্ন করা হবে।

এ দিকে উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ২৬ বছর বয়সী এক যুবক মারা গেছেন। তার বাড়ি দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামে। তার শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা ছিল। বাড়িতেই তিনি মারা যান।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমরা তার নমুনা সংগ্রহ করবো। এরপর নিয়মানুযায়ী দাফন হবে। 

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত কয়েকদিনে জেলায় লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা প্রায় ১ হাজার ৩০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আমরা চাঁদপুর জেলা থেকে যাদের নমুনা পাঠিয়েছি তার মধ্যে এ পর্যন্ত জীবিত এবং মৃত মিলে ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছি।

প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মারা যান এক যুবক। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া মতলব উত্তরে এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

আরও পড়ুন

×