ডা. মঈনের জানাযায় অংশ নিয়েছিলেন ৬ জন
ডা. মঈন উদ্দিন -ফাইল ছবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে নামাজে জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডা. মঈন উদ্দিন।
বুধবার রাত সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনের লাশ তার গ্রামের বাড়িতেই দাফন সম্পন্ন করা হয়।
ওই জানাযায় ৬ জন অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
এর আগে ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং মরদেহে কাফন পরানো হয়।
সিলেটে করোনা আক্রান্ত প্রথম রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস ধরা পড়লে চিকিৎকদের পরামর্শে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মঈন।
