চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:৫৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৮:৩৩
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মফিজ আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি।
মফিজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, করোনা উপসর্গ নিয়ে মফিজ নামে এক রোগী বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। তার কিডনিসহ আরও বেশকিছু সমস্যা ছিল। তিনি জ্বরেও আক্রান্ত ছিলেন। বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
এদিকে গত বুধবার নগরীর নিমতলার এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তিন দিন আগে তাকে স্বাভাবিক নিয়মে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই নারীর জানাজায় অর্ধশতাধিক মানুষ অংশ নিয়েছিল। করোনায় মারা যাওয়া ব্যক্তিকে যেসব নিয়ম মেনে দাফন করা হয়ে থাকে তাকে সেভাবে দাফন করা হয়নি বলে পুলিশও নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে নগরীর বন্দর থানার এসআই মো. এনাম বলেন, কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে নিমতলার এক নারী মারা যান। তখনও করোনা পরীক্ষার রিপোর্ট না আসায় তাকে বিশেষ নিয়মে দাফন করা হয়নি। তার জানাজায় পরিবারের সদস্য, প্রতিবেশীসহ প্রায় অর্ধশত মানুষ অংশ নিয়েছিলেন। প্রশাসন ওই তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।
