ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসার চালাতে মুচির কাজে আরতি রানী

সংসার চালাতে মুচির কাজে আরতি রানী
×

জুতা সেলাইয়ের কাজ করছেন আরতি রানী। ছবি: সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১৭ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১৭

শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরানবাজারের মোড়ে ভূমি অফিসের সামনে গেলেই দেখা যায় জুতা মেরামতের কাজ করছেন আরতি রানী নামে মধ্যবয়স্ক এক নারী। ছয় সন্তান নিয়ে সংসার চালানোর দায়িত্ব পালন করতে গিয়ে নারী হয়েও মুচির কাজ করছেন তিনি।

বিরল দৃশ্য দেখে প্রায়ই থমকে দাঁড়ান পথচারীরা। অনেকেই আবার স্বেচ্ছায় এগিয়ে যান আরতি রানীর কাছে জুতা সেলাই করতে।

আরতি রানী জানান, প্রতিদিন সকাল ৭টার মধ্যে কাজ শুরু করতে জুতা মেরামতের সরঞ্জাম নিয়ে ভূমি অফিসের সামনে আসেন। ছোট চৌকির ওপর বসে শুরু করেন কাজ। প্রতিদিন গড়ে আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা। এই টাকায় কোনোমতে চলে তার সংসার। দুই মেয়ের বিয়ে দিয়ে এখন পাঁচজনের সংসার তার।

মধ্যবয়সী আরতি রানীর স্বামী সুবল দাস আট বছর আগে মারা যান। গত ১০ বছর ধরে জুতা সেলাইয়ের কাজ করছেন তিনি। কাজ শিখেছিলেন স্বামীর কাছেই।

আরতি রানী জানান, স্বামী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার পর আয়-রোজগারের জন্য জুতা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি। দুই বছর পর স্বামীর মৃত্যু হয়। সন্তানদের কথা ভেবে লাজ-শরম ভুলে রাস্তার পাশে বসে জুতা সেলাই করছেন।

পাশের দোকানি সেলিম মালত জানান, আরতি রানীর স্বামী মারা যাওয়ার পর ছয় কন্যাসন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেন। জীবন ও জীবিকার তাগিদে বাধ্য হয়ে রাস্তায় বসেছেন মুচির কাজ করতে। তার পাশে এসে কেউ দাঁড়ালে এই কষ্ট আর থাকত না।

জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার জানান, জাজিরার শেষ প্রান্তে বাড়ি আরতি রানীর। তাই তার সম্পর্কে খুব একটা ধারণা নেই। তিনি যদি আসেন তাহলে কোনো সরকারি সুযোগসুবিধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন।

ইউএনও কামরুল হাসান সোহেল জানান, শিগগিরই আরতি রানীর সঙ্গে দেখা করে সহযোগিতা করা হবে।


আরও পড়ুন

×