ডেঙ্গু মশা মানুষকে কামড়ায়, আর বিএনপি পোড়ায়: তথ্যমন্ত্রী
চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্যকালে তথ্যমন্ত্রী। ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০২
বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দুর্মুখেরা বলেন, ডেঙ্গু যেমন মারাত্মক, বিএনপি তার চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি মানুষকে পোড়ায়।’
শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ সম্মেলনে গেছেন। জি২০-এর বর্তমান প্রেসিডেন্ট ভারত। সম্মেলনে এ উপমহাদেশ থেকে আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন; ১০ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট আসবেন। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নিরাপত্তা সংলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্কের প্রমাণ এ সংলাপ।’
এ সময় স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি চিকিৎসক ও হাসপাতালের ওপর মানুষের আস্থা স্থাপন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশমুখী অনেক রোগীকে আমি জিজ্ঞেস করি, ভারতের বেঙ্গালুরু, দিল্লি, কলকাতাসহ বিভিন্ন রাজ্যে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে কেন যান? তখন তারা বলেন, বাংলাদেশে তো ডাক্তার ভালো করে কথা বলেন না। আর বিদেশে ডাক্তাররা প্রয়োজনে আধঘণ্টাও কথা বলেন।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইসমাইল খান, ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রথম আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজকে হারিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়।
‘শেখ হাসিনা ইসলামের জন্য যা করেছেন, অন্য সরকার করেনি’
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বিকেলে উপজেলা অডিটোরিয়ামে রাঙ্গুনিয়ার সংসদীয় (বোয়ালখালী আংশিক) এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের জন্য যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসিম উদ্দিন ও ড. আবদুল মাবুদ।
