ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘোড়াশালে স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

ঘোড়াশালে স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী
×

নিহত শাকিল আহমেদ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৩

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরেছেন শাকিল আহমেদ নামে এক ব্যবসায়ী। শনিবার রাতে পাঁচদোনা-টঙ্গী সড়কের পলাশের টান ঘোড়াশালে ট্রাকের ধাক্কায় প্রাণ যায় তাঁর।

নিহত শাকিল (২৬) ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের বাসিন্দা। ঘোড়াশাল বাজারে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন তিনি।

স্বজনরা জানান, শনিবার বিকেলে স্ত্রী সুবর্ণা ও তাঁর আড়াই বছরের সন্তান সাফোয়ানকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শাকিল আহমেদ। পরে পলাশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে পৌঁছালে টঙ্গীর দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাকিল, তাঁর স্ত্রী সুবর্ণা ও সন্তান সাফোয়ান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক শাকিলের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকায় নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী-সন্তানকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খরব জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে ট্রাকটি।

আরও পড়ুন

×