ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মেয়ের সামনে বাবাকে পেটানো সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মেয়ের সামনে বাবাকে পেটানো সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
×

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৭:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মেয়ের সামনে মাদ্রাসাশিক্ষক বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারে বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আহত শিক্ষক মাওলানা আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক কলহের জের ধরে ওই শিক্ষকের স্ত্রী আমেনা আক্তার গত ৯ এপ্রিল সকালে স্বামীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। ওইদিন দুপুরে স্থানীয় গ্রাম পুলিশ আবদুল মতিন ওই শিক্ষককে বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় মেয়ে আরিফাতুন নূর এবং চাচাতো ভাই আবদুস ছামাদকে সঙ্গে নিয়ে যান ওই শিক্ষক। চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওই চেয়ারম্যান লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। ওই শিক্ষকের মেয়ে অনুরোধ করেও তাকে থামাতে পারেনি। এ সময় ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্যান্য লোকজনও চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরের দিন আহত শিক্ষককে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে চেয়ারম্যানের নির্যাতনের বর্ণনা দেন। পরে পুলিশ সুপারের নির্দেশে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে থানায় আসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. সাখাওয়াত হোসেন। এর কিছুক্ষণ পরই মামলাটি এফআইআর করা হয়।

এ বিষয়ে মামলার বাদী আহত মাওলানা আজিজুর রহমান বলেন, 'আমার কোনো বক্তব্য না শুনেই চেয়ারম্যান আমার মেয়েসহ অন্যান্যদের সামনেই আমাকে নিষ্ঠুরভাবে পিটিয়ে রক্তাক্ত করেছেন। ঘটনার পর এলাকার কিছু লোক এবং সাংবাদিক ছাড়া কেউ আমার পাশে ছিলেন না।' তিনি অবিলম্বে ওই চেয়ারম্যানের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এদিকে এর আগে ওই চেয়ারম্যান কর্তৃক একই ইউনিয়নের উখাড়ী গ্রামের আরিফুর রহমান, মরিচা নোয়াপাড়া গ্রামের আবদুর কুদ্দুস, তার স্ত্রী পারভীন বেগম, ছেলে আবদুল খালেক এবং গাংচর গ্রামের আনোয়ারা বেগম ও তার মেয়ে শেফালী আক্তারকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মঙ্গলবার পৃথক আরও ৩টি অভিযোগ দাখিল করা হয়েছে বলে ভোক্তভোগীরা জানিয়েছেন।

দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, মামলাটি সন্ধ্যায় থানায় এফআইআরভুক্ত হয়েছে। চেয়ারম্যানকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

আরও পড়ুন

×