একসঙ্গে ফাঁস: প্রেমিকের মৃত্যু, ওড়না ছিঁড়ে বাঁচলেন প্রেমিকা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২০
খাগড়াছড়িতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় একসঙ্গে গলায় ফাঁস দিয়েছেন প্রেমিক যুগল। এ সময় প্রেমিক মারা গেলেও প্রাণে বেঁচে যান প্রেমিকা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত প্রেমিক তবেন জয় ত্রিপুরা মুরাপাড়ার বাসিন্দা নবকেশ ত্রিপুরার ছেলে। তিনি মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। এরই জেরে রোববার সকালে বিদ্যালয়ের পাশের জঙ্গলে আমগাছের সঙ্গে এক ওড়নায় গলায় ফাঁস দেন তারা।
এ সময় প্রেমিক মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যান প্রেমিকা। খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ঘটনাস্থল থেকে প্রেমিক তবেন জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
