করোনার উপসর্গ নিয়ে বাঘাইছড়ি ও রাজস্থলীতে ২ যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৮:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা এক যুবক এবং রাজস্থলীতে আরেক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ির ওই যুবককে চট্টগ্রাম নেয়ার পথে এবং শুক্রবার সকালে রাজস্থলীর যুবকের নিজ বাড়িতেই মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পচট্টগ্রামে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই যুবক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন ওয়ার্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি একজন মুদির দোকানী। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্রগ্রামের ফৌজদারহাট ল্যাবে পাঠানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া মৃত ব্যক্তি যে দুইটি প্রাইভেট ক্লিনিক হেলথ কেয়ার ডাইগোনোস্টিক সেন্টার ও কেয়ার ডাইগোনোস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করেছেন সেই দুটি প্রাইভেট ক্লিনিক করোনা টেস্টের রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীর শরীরে করোনার উপসর্গের ব্যাপক উপস্থিতি ছিল। মৃত ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়েছে।
এদিকে, রাজস্থলীতে মৃত অপর যুবক চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করতেন। করোনা পরিস্থিতিতে জ্বর নিয়ে তিনি ১২ দিন আগে চট্টগ্রাম থেকে নিজ বাড়ি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় চলে যান। বৃহস্পতিবার বিকেলেও তিনি স্থানীয় খেলার মাঠে খেলাধুলা করেন এবং তাকে বাজারের ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে শুক্রবার সকালে তাকে ঘুম থেকে ডাকলে আর সাড়া দেননি। পরে পরিবারের লোকজন নিশ্চিত হয়- তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলার উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহ্লা অং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার সকালে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
