ভুয়া পরোয়ানায় ১৬ দিন হাজতবাসের পর মুক্ত আজিজুর
আজিজুর রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫৯
চট্টগ্রামে ভুয়া পরোয়ানায় ১৬ দিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন আজিজুর রহমান নামের এক ব্যক্তি। বুধবার শুনানি শেষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা তাঁকে জামিন দেন।
একই আদেশে ভুয়া পরোয়ানা সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নিতে সিআইডি চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আজিজুর ঢাকা জেলার সাভার উপজেলার ফিরিঙ্গিকান্দা গ্রামের গেদু মিয়ার ছেলে। পিপি শেখ ইফতেখার বলেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের একটি ফৌজদারি মামলায় গত ২৮ আগস্ট সাভারের গ্রামের বাড়ি থেকে আজিজুরকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে চট্টগ্রামে আনা হয়।
চট্টগ্রামে আনার পর আজিজুরের আইনজীবী ওই পরোয়ানা ভুয়া দাবি করে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে পিটিশন দেন। জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা পিটিশন গ্রহণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালতের প্রশাসনিক কর্মকর্তাকে। আজিজুরকে যে পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছিল তার কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে প্রশাসনিক কর্মকর্তা আদালতে প্রতিবেদন দেন। ওই পরোয়ানায় জেলা ও দায়রা জজের স্বাক্ষরও জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
