মান্দায় টাকা নিয়েও জমিতে সেচ সুবিধা না দেওয়ার অভিযোগ
দুর্গাপুর মধ্যপাড়া মসজিদের মোড়ে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেন - সমকাল
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৬
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর বাহার আলীর বিরুদ্ধে টাকা নিয়েও জমিতে সেচ না দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মধ্যপাড়া মসজিদের মোড়ে ভুক্তভোগী অর্ধশতাধিক কৃষক প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
কৃষকরা জানান, গভীর নলকূপটি থেকে ৭০-৮০ জন কৃষক ১৩০ বিঘা জমিতে সেচ দিয়ে চাষাবাদ করেন। চলতি আমন মৌসুমে সেচ বাবদ বিঘাপ্রতি ১ হাজার ২০০ টাকা করে দেন তারা। টাকা নেওয়ার পর অপারেটর বাহার আলী একবার মাত্র সেচের সংযোগ দিয়েছেন। এরপর থেকে তাঁর পেছনে ঘুরতে হচ্ছে সাধারণ কৃষকদের। এ ছাড়া বিভিন্ন সময় অতিরিক্ত টাকাও নিয়ে থাকেন অপারেটর বাহার আলী। এসব বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে সময়মতো সেচের পানি না পেলে উৎপাদন ব্যাহত হবে। দ্রুত কৃষকের স্বার্থে অপারেটর পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া এবং বিএমডিএ কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো দাবি জানান কৃষকরা।
এ বিষয়ে কথা বলতে অপারেটর বাহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু গত বুধবার একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে হাজতে থাকায় কথা বলা সম্ভব হয়নি।
বিএমডিএ মান্দার সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে উপসহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নওগাঁ
- বিএমডিএ
- গভীর নলকূপ
