‘ভিডা বেচি মাইয়ার জামাইর খায়েশ মিডানি বন্ধ গরন’
যৌতুক ও অতিরিক্ত কাবিন প্রথার বিরুদ্ধে চট্টগ্রামে গতকাল শুক্রবার কর্মসূচি পালন করে সিন্ডিকেট রানার্স। সেখানে এক অংশগ্রহণকারী বিদ্রুপাত্মক প্ল্যাকার্ড নিয়ে আসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০১:৫৬
চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে অভিশাপ হিসেবে পরিচিত হয়ে উঠেছে যৌতুক ও অতিরিক্ত কাবিনের প্রথা। এর বিরুদ্ধে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অপেশাদার রানারদের সংগঠন ‘সিন্ডিকেট রানার্স’। গতকাল শুক্রবার সিআরবিতে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
‘সিন্ডিকেট রানার্স’ টিমের সদস্যরা স্বাস্থ্য সচেতনতার বার্তার পাশাপাশি ‘সুস্থ সমাজ ও সুখী দাম্পত্যের স্বার্থে যৌতুক এবং অতিরিক্ত কাবিনকে না বলুন’– এই প্রতিপাদ্য নিয়ে ছোট ছোট ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দৌড়েও অংশ নেন। একজনের হাতে থাকা ফেস্টুনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা ‘বাপর ভিডা বেচি মাইয়ার জামাইর খায়েশ মিডানি বন্ধ গরন’ (বাবার ভিটা বিক্রি করে মেয়ের স্বামীর শখ মেটানো বন্ধ করুন)। এভাবে আরও নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রুপাত্মক লেখা দেখা গেছে কর্মসূচিতে।
প্রতিবাদকারী রানাররা সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের দাবিতে দুই পুত্রবধূকে নির্মমভাবে হত্যাকাণ্ডের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সিন্ডিকেট রানার্সের প্রেস উইংয়ের সদস্য মামুনুর রশিদ বলেন, যৌতুক ও অতিরিক্ত কাবিন সমাজের জন্য বড় একটি অভিশাপ। চট্টগ্রামে এই ধরনের কুপ্রথা বেশি দেখা যায়। সম্প্রতি পটিয়ায় একটি হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা কতটা মারাত্মক ব্যাধি। যৌতুকের জন্য যেন কোনো নারীর জীবন দিতে না হয়, তরুণ প্রজন্ম যেন এই অপপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়, সে জন্যই মূলত সিআরবিতে অভিনব প্রতিবাদের আয়োজন।