জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে দংশনের শিকার ব্যক্তি
আবদুল কাদের
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০১:২১
দংশনের শিকার এক ব্যক্তি জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে ছুটে গেছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান ভুক্তভোগী আবদুল কাদের। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাকে দংশন করা সাপটি বিষধর নয়।
আবদুল কাদের (৫০) ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে একটি সাপ তাকে দংশন করে। পরে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সাপটিকে খুঁজে বের করে ধরে ফেলেন তিনি। এরপর স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে জড়ো করেন। তাদের সহযোগিতায় একটি প্লাস্টিকের বস্তায় সাপটিকে ভরে চিকিৎসা নিতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, লোকটির সাহস দেখে অবাক হয়েছি। তিনি জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে এসেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, সাপটি বিষধর নয়। তাই তার শরীরে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে সাপে দংশন করলে সাপ ধরতে না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি। তবে সাপ ধরতে যাওয়া আরও বিপজ্জনক।
চিকিৎসক ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে আসেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাপটি দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।